আমি একটা জলজ্যান্ত এ্যাকুরিয়াম / আলি মেসবাহ

আমি একটা জলজ্যান্ত এ্যাকুরিয়াম
বুকের ভেতর দুঃখ পুষি
খেয়াল-খুশি কিংবা ভালোবাসার ছলে দুঃখ দিলে
গ্রহন করি খুব সাদরে;
আমি একটা জলজ্যান্ত এ্যাকুরিয়াম
বুকের ভেতর দুঃখ পুষি খুব আদরে।

দুঃখ সাদা, দুঃখ কালো,
হলদে এবং দুঃখ লালও
…রঙ বাহারি;
নীল রঙেরই দুঃখ বেশি
দুঃখ বেশি নীল রঙেরই।
আমার কাছে সুখেই আছে এ তল্লাটের দুঃখ যতো
তিলে তিলে আমায় খেয়ে হচ্ছে বড়
…মাছের মতো।

আমি একটা এ্যাকুরিয়াম, উনপাঁজুরে, হতচ্ছাড়া
আর কিছু নেই, শুধুই পোষা দুঃখ ছাড়া।

এখানে আপনার মন্তব্য রেখে যান