কবিতার ভাঁড় আর / আবুল হাসান

এইবার খুব কষে ডুগডুগি বাজাবো
বাঁদর নাচো তো দেখি, ভাল্লুক তুমিও
রামছাগলটা সঙ্গে থাকলে খুব মজা হতো
চামড়া খুলে তবে তাকে বাজারে ছাড়তাম।

একলাফে মগডালে যেতে কষ্ট হয় না একেবারে
কেবল পায়রাগুলো যদি পাকা হতো,
তাই বা কি কোরে হয়, নগ্ন দেহ ঢাকবো কী দিয়ে?
নতশিরে স্বপ্নের ভিতর দিয়ে হেঁটে চলে যাবো?

আটখানা ঘরশুদ্ধ বিরাট প্রাসাদ
দেড়শো টাকায় ভাড়া পাওয়া যাবে বলে
পুরোনো বন্ধুকে একটা চিঠি লেখবো আজই!

কেবল আক্রোশ হয়, কিছু ভাঁড় আছে কবিদের দলে
কাছে পেলে
জিহ্বা কেটে, চামড়া খুলে বাজারে ছাড়তাম!