অনেক আশায় মাটির বুকে যে বীজ বুনেছিলাম
আজ সে বীজের অঙ্কুরনেই যদি
ছাড়তে হবে আমার ভিটে বাড়ি
তবে,
কাস্তে হাতেই উপড়াবো আজ গোদির বাড়াবাড়ি।
আমার ধানেই ভরবে যদি তোমার গোলা
আমার শিশু ক্ষুধার জালায় কাঁদবে কেনো?
নির্বাচনের মিষ্টি বুলি মিথ্যে হলে
লাঙল দিয়ে চষবো তোমার বুকের জমিন।
যখন তোমার দিয়েছিলাম ভোট
তখন ছিলো চায়ের কাপে ঠোঁট
আজ সে কাপে রক্ত কেনো
অর্থলোভী শকুন তুমি
আচল ছিড়ে পয়সাগুলি ছিনিয়ে নিতে মত্ত কেনো?
আমার ভাইয়ের পাজর ফুঁড়ে তোমার বুলেট
আমার বোনের সম্ভ্রমে আজ তোমার কালো ছায়া
গোরস্থানের কবরগুলোয় ঝুলছে টু-লেট
তবুও তোমার মুখের ভাষায় মিথ্যে মায়া
মিথ্যে প্রতিশ্রুতি;
সব হারিয়ে যুবরাজের আত্মাহুতি
পিলকানাতে অশ্রু দিশেহারা
এইতো তোমার উন্নয়নের চারা
ফেলানিদের ঝুলন্ত লাশ থেকে
সিমান্তে এক নতুন নদী নতুন জলধারা।
কোর্ট কাচারি উকিল ডাকাডাকি
তোমার ঘরেই হোক
চাষার বিচার মাঠেই পাকাপাকি
নেই এখানে প্রহসনের সাজানো নাটক।
শোনো-
আমার মেয়ের শখের চুলের ফিতা
ও সংসদের জুতোর দড়ি হলে
রোদ্র খরায় দগ্ধ ছোটো মুখে
এটুক রাখি বলে-
কাস্তে দিয়েই উপড়াবো ঐ গোদি
দাবানলে পুড়বে তোমার সখের বাগানবাড়ি
বুঝবে তখন কেমন লাগে এমন বাড়াবাড়ি।
এখানে আপনার মন্তব্য রেখে যান