আরো বেশি কাছ থেকে দেখো / সাইফ আলি

আরো বেশি কাছ থেকে দেখো,
যদি দেখা পাও
দুই হাতে তুলে নিয়ে নিজেকে সাজাও।
খনিতে কি আলো থাকে,
চুরি-মালা-নোলক প্রভৃতি?
অন্ধকারে হাত রাখো
জেনে বুঝে খুঁজে দেখো
গভীর এ খনির প্রকৃতি।

গন্ধ পাও?
আবহাওয়া বোঝো?
তাপ- চাপ উর্দ্ধ্ব কিংবা নিম্ন
ঝড়ো কিংবা শান্ত?
আরো বেশি কাছে আসো
হাত রেখে দেখো…

এইখানে এই খনি গর্ভে
জানি না কিসের আলামত
কিছু যেনো সুর তোলে
ঝরনার সুর-
গান গায়; নদী হয়ে বহুদূর যায়
তারপর শেষমেশ উথাল পাথাল ঢেউ
ঘুম ঘুম চোখে নিজেকে লুকায়।

হাত রেখে দেখো;
ভয় পাও কিসে?
এখানে আলোরা এসে
শুয়ে পড়ে রাতের বালিশে।

আরো বেশি কাছ থেকে দেখো
যদি দেখা পাও
বনান্তের সূর্যডোবা গোধূলির কোলে
বাতাসেরা দোলে-
মেঘেরা রঙিন চোখা বালকের মতো
গাছগুলো কথা বলে বাদুড়েরা মেলে দেয় ডানা
এইখানে হাত রাখো
ভুলে যাও কাটাতার- প্রাচীর- সীমানা।

এখানে আপনার মন্তব্য রেখে যান