নিমেষে কিভাবে এলোমেলো হয়ে যায় সব-
থেমে যায় স্বপ্নিল সাজানো শহরের উদ্বেল উদ্যম-কলরব;
গোব্রে পোকার মতো, পৃথিবীর পথে পথে, ঘৃণ্য হয়ে ঘোরে ভালবাসা প্রেম কাম;
বিনষ্ট ভাগাড়ে ওষ্ঠ নেড়ে নেড়ে শকুনেরা কি-অদ্ভুত জানায় সালাম;
মানবতা-ক্যাপ প’রে শহরে শহরে নিশিদিন শ্বেত শেয়ালেরা ডাকে;
কাবুলের কাকগুলো বিপন্ন বাতাসে তোলে তৃপ্তির ঢেকুর- তার পচা গন্ধ এসে ঘা মারে কেবলি কবির নাকে;
একপাল শ্বেতাঙ্গ হায়েনা আমাদের অস্তিত্বের ’পরে বসে হাই তোলে অবিরাম- গাল বেয়ে বেয়ে
————————- কি-বিশ্রী তাদের লালা ঝরে ঝরে পড়ে লোভে;
কেমন নির্বিঘ্নে, তবু, ঘুমায় নগরবাসী- কবিই কেবল তড়পায় ঘৃণায়, কষ্টে ও ক্ষোভে;
তবুও ক’জন, বলো, তবুও ক’জন
মনে রাখে কৃশ সেই নীল কণ্ঠ বিহঙ্গের কথা, কেবা হতে চাই সেই কবির স্বজন?
এখানে আপনার মন্তব্য রেখে যান