বিচারপতি হাকিম তুমি মর্জিমতো বিচার করো
ন্যায় বিচারের তকমা দিয়ে রিমান্ডে দ্যাও পক্ষকালিন
তোমার বিচার তোমার হাতে থাকবে তো ঠিক ঘামাও মাথা।
কাঠগড়াতে যেদিন তোমার সকল রায়ের বিচার হবে
সাক্ষ্যি হবে তোমার দু’হাত, তোমার দু’ঠোঁট, দু’চোখ তোমার।
বিচারপতি উপর তলার ফোন পেয়ে যে পল্টি দিলে
চোর যে ব্যটা আজাদ হলো, সত্য হলো মিথ্যে নথি
খুনের দায়ে জুটলো সাজা নিরপরাধ যেই ঘাড়ে সেই
ঘাড়ের ব্যারাম তোমার হলে মাফ পাবে কি হিসেব করো
সাক্ষ্যি হবে তোমার দু’হাত, তোমার দু’ঠোঁট, দু’চোখ তোমার।
আইন তোমার, বিচারালয় তোমার কথায় রা করে না-
কর্তা তুমি আম জনতার মাথার উপর ঘোরাও ছড়ি,
কিন্তু যখন নেতাজিদের বাংলো সাজাও চাকর সাজো
তাদের হিসেব মিলাও বসে গিন্নি গরম চা করে দেয়;
ধারায় ফেলে সত্যটাকে অচল বলে রায় দিয়ে দ্যাও
তখন তুমি কষ্ট করে আরেক পাতা হিসাব কোরো,
সাক্ষ্যি হবে তোমার দু’হাত, তোমার দু’ঠোঁট, দু’চোখ তোমার।
এখানে আপনার মন্তব্য রেখে যান