দুই ফেরেশতা / আবদুল মান্নান সৈয়দ

স্মরণ রেখো, দুটি ফেরেশতা তার ডানে ও বামে বসে কাজকর্ম
লিখে রাখে। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিখে রাখার জন্য
তাদের প্রহরী তাদের কাছেই রয়েছে।
-৫০:১৭-১৮:কুরআন শরীফ

নিষিদ্ধ বৃক্ষের দিকে আমাদের প্রতিদিন যাওয়া।
স্বর্গ থেকে ভ্রষ্ট হাওয়া আমাদের রক্তের ভিতরে।
আমাদের মধ্যে আজো জেগে আছে আদম ও হাওয়া।
নিষিদ্ধ বৃক্ষের ফল আমাদের আজো লুব্ধ করে।

তা বলে কি আমরা আজো নিজেদের ঊর্দ্ধে উঠি না?
কাঁটার ভিতর থেকে ফোটাই না রক্তিম গোলাপ?
বস্তুভেদ করে বাজে নাকি লোকোত্তর বীণা?
আকণ্ঠ পাপের মধ্যেও জাগে নাকি পুণ্যের প্রভাব?-

কাঁধের উপরে দুই ফেরেশতা জাগ্র প্রতিদিন
সব-কিছু লিখে চলে কেরামান-আর-কাতেবীন।
কতো পাপ জমা হলো, পুণ্য কতো, লেখে শব্দহীন
একমনে অবিশ্রাম কেরামান-আর-কাতেবীন।
পুণ্যে-পাপে দিন-রাত্রি কেটে যায় মলিন-রঙিন,
নির্বিকার লিখে চলে কেরামান-আর-কাতেবীন।।